Breaking News

শান্তিপ্রসাদ সিন্‌হাকে ইডির মামলায় জামিন হাইকোর্টের,জেল মুক্তিতে বাধা নেই এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্‌হাকে ইডির মামলায় জামিন দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ শান্তিপ্রসাদের জামিনের আবেদন মঞ্জুর করেছে। তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ২০২২ সাল থেকে জেল খাটছেন শান্তিপ্রসাদ। আদালতের নির্দেশের ফলে প্রায় চার বছর পর তিনি জেল থেকে বেরোতে চলেছেন।৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত। এছাড়াও একাধিক শর্ত আরোপ করেছেন বিচারপতি। এই জামিন পাওয়ার পর জেলমুক্তিতে বাধা থাকল না।জামিন মঞ্জুর করে বিচারপতি একাধিক শর্ত বেঁধে দিয়েছেন। শান্তিপ্রসাদকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাসস্থানের ঠিকানা পরিবর্তন করা যাবে না। বাইরে যেতে পারবেন না তিনি। ফোন নম্বর তদন্তকারী অফিসারদের দিতে হবে।২০২৪ সালে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলা থেকে জামিন পেয়েছিলেন শান্তিপ্রসাদ। সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল। তবে ইডির মামলা ঝুলে থাকায় শান্তিপ্রসাদের জেলমুক্তি তখন হয়নি। কলকাতা হাই কোর্টে ইডির মামলাটি বিচারাধীন ছিল। শুক্রবার সেই সংক্রান্ত শুনানিতেই শান্তিপ্রসাদের আবেদন মঞ্জুর হয়েছে। ফলে তাঁর জেলমুক্তির ক্ষেত্রে আর বাধা রইল না।এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক ছিলেন শান্তিপ্রসাদ। তাঁর নির্দেশে একসময় অনেক কাজ হয়েছে। অভিযোগ, টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের স্কুলের চাকরি দেওয়া হত। এসএসসি পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েও অনেকে চাকরি পেয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। সিবিআইয়ের একাধিক চার্জশিটে শান্তিপ্রসাদের নাম ছিল। তিনি ছা়ড়াও নিয়োগ দুর্নীতির অভিযোগে শিক্ষা দফতরের পাঁচ কর্তাকে গ্রেফতার করা হয়েছিল। নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। দীর্ঘ দিন জেল খাটার পর তিনি এখন জামিনে মুক্ত। এবার জামিন পেলেন শান্তিপ্রসাদও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *