প্রসেনজিৎ ধর, কলকাতা :- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তল ঘোষকে তলব। তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে তলব করল ইডি। এর সঙ্গে ডাকা হয়েছে শিক্ষা দফতরের প্রাক্তন সচিব মণীশ জৈনকে। আগামী সপ্তাহের মধ্যেই তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬-১৯ মার্চের মধ্যেই তাঁদের দিতে হবে হাজিরা। জানা যাচ্ছে, এসএসসি-র নবম দশম, একাদশ দ্বাদশের শিক্ষক দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে তলব করা হয়েছে। এই মামলাতেই দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করেছিল ইডি।প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে কুন্তল ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এই মামলাতেই এরপর ইডির হাতেও গ্রেপ্তার হতে হয় প্রাক্তন এই যুবনেতাকে। যদিও বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি। সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতেই কুন্তল ঘোষকে ইডির নোটিস বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই মামলাতেই মণীশ জৈনকেও ইডির আধিকারিকরা জেরা করবেন বলে খবর। বলে রাখা প্রয়োজন, এর আগে নিয়োগ দুর্নীতি মামলাতেই মনীশকে বেশ কয়েকবার তলব করে সিবিআই। সেই মতো তদন্তকারী সংস্থার মুখোমুখিও হয়েছিলেন প্রাক্তন শিক্ষাসচিব।অন্যদিকে মানিক ভট্টাচার্য, রত্না বাগচি এবং বিভাস অধিকারীকে নোটিস দেওয়ার নির্দেশ দিল আদালত। সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট হয়েছে আগেই। সেই মামলায় তিনজনকে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন এই সংক্রান্ত মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেননি। অসুস্থতার কারণেই তিনি এদিন আদালতে হাজিরা দিতে পারেননি বলে খবর। আর তা আদালতকেও আইনজীবী মারফৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী জানিয়েছেন বলে খবর। যদিও এদিন আদালতে ছিলেন পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আগামী ১৫ জুন ইডি এবং সিবিআই মামলার একসঙ্গে শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
Hindustan TV Bangla Bengali News Portal