দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
শুক্রবার সকালেই মাধ্যমিক ২০২৬-এর ফলপ্রকাশ। সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ফলঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তার কিছুক্ষণ পর থেকেই অনলাইনে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি।এবার ফল প্রকাশে কিছুটা দেরি হওয়ায় প্রশ্ন উঠেছিল বহু মহলে। পর্ষদ সূত্রে জানা যায়, এপ্রিল মাসে রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন হওয়ায় বহু শিক্ষক ভোটের কাজে ব্যস্ত ছিলেন। সেই কারণেই ফল প্রকাশ পিছিয়ে যায়। যদিও পরীক্ষার্থীদের নম্বর অনেক আগেই জমা পড়েছিল পর্ষদের কাছে। অবশেষে ভোটপর্ব মিটতেই ফলপ্রকাশের দিন চূড়ান্ত করা হয়।
*কীভাবে দেখবেন ফলাফল?*
পরীক্ষার্থীদের প্রথমে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbsedata.com বা www.wbbse.wb.gov.in-এ যেতে হবে।
এরপর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
নিজেদের রোল নম্বর, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।
Hindustan TV Bangla Bengali News Portal