দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর থেকেই পূর্বতন সরকারের আমলে হওয়া বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানোর বার্তা দিয়ে আসছে বিজেপি সরকার। বিশেষ করে শিক্ষক নিয়োগ-সহ একাধিক নিয়োগ দুর্নীতির ঘটনায় রাজ্যজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি যাতে না হয়, সে লক্ষ্যেই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার।শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের (WBCSSC) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালাকে। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, বাজেটে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল—নিয়োগ সংক্রান্ত কোনও কমিটিতে রাজনৈতিক ব্যক্তিত্ব রাখা হবে না—সরকার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করছে। মুখ্যমন্ত্রীর কথায়, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করে তুলতেই দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন দুষ্মন্ত নারিয়ালাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।শুভেন্দু অধিকারী আরও স্পষ্ট করে জানান, নতুন সরকারের কাছে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি হবে মেধা ও যোগ্যতা। অতীতে নিয়োগকে ঘিরে যে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে এসেছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতেই সরকার বদ্ধপরিকর।তাঁর দাবি, যোগ্য চাকরিপ্রার্থীদের অধিকার সুরক্ষিত করা এবং সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই সরকারের অন্যতম অগ্রাধিকার। রাজ্যের যুবসমাজের জন্য বিশ্বাসযোগ্য নিয়োগ ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।উল্লেখ্য, পূর্বতন সরকারের আমলে শিক্ষক নিয়োগ, পুরসভা-সহ একাধিক সরকারি নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই প্রেক্ষাপটে প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং নিয়োগ ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Hindustan TV Bangla Bengali News Portal