Breaking News

ডিসেম্বরেই কলকাতা মেট্রোয় বড় চমক! কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা, শেষের পথে বহু প্রতীক্ষিত কাজ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দীর্ঘদিনের জট কাটিয়ে অবশেষে গতি ফিরেছে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ মেট্রো প্রকল্পের কাজে। একের পর এক পিলারের উপর গার্ডার বসানোর কাজ কার্যত শেষ। পাশাপাশি দ্রুত এগোচ্ছে লাইন বসানোর কাজও। ইতিমধ্যেই প্রায় ৬০ শতাংশ লাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে। ফলে বড়দিনের আগেই বহু প্রতীক্ষিত এই মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে নতুন আশার আলো।দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে বিভিন্ন কারণে আটকে ছিল প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশের কাজ। অভিযোগ, আগের সরকারের আমলে বারবার আবেদন ও দাবি জানানো হলেও কাজ এগোনোর অনুমতি মেলেনি। সরকার বদলের পর সেই অনুমতি মেলার পরই দ্রুত শুরু হয় নির্মাণকাজ। মাত্র ৯০ দিনের মধ্যে চিংড়িঘাটা সংযোগস্থলের উপর দিয়ে গার্ডার বসানোর মতো গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে প্রকল্পের বাকি অংশের সংযোগ তৈরির কাজও সম্পন্ন হয়েছে। এখন মূল লক্ষ্য দ্রুত লাইন বসানো এবং বাকি পরিকাঠামোর কাজ শেষ করা। ইতিমধ্যেই থার্ড লাইনের কাজ শুরু করার প্রস্তুতি চলছে। একইসঙ্গে সিমেন্টের প্রলেপ দেওয়া, লোহার কাঠামো বসানো এবং ড্রিলিংয়ের মতো একাধিক কাজও চলছে জোরকদমে।মেট্রো সূত্রে জানা গিয়েছে, আগামী নভেম্বরের শেষের দিকে কমিশনার অফ রেলওয়ে সেফটি গোটা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে পারেন। তাঁর ছাড়পত্র মিললেই পরিষেবা চালুর ক্ষেত্রে আর বড় কোনও বাধা থাকার কথা নয়। সেই হিসেবে সব কিছু পরিকল্পনামাফিক এগোলে বড়দিনে শহরবাসীর জন্য মিলতে পারে বড় উপহার। বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। এবার বেলেঘাটা থেকে আইটি সেক্টর পর্যন্ত পরিষেবা সম্প্রসারণই প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে দ্রুতগতিতে চলছে ট্র্যাক বসানোর কাজ। পাশাপাশি সিগন্যালিং সিস্টেম সম্পূর্ণ করার কাজও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও একাধিকবার পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন বলে মেট্রো সূত্রে খবর। দীর্ঘদিনের জট কাটার পর বর্তমানে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় চলছে নির্মাণকাজ। ফলে বড়দিনে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনাই এখন শহরবাসীর নজরে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *