দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নেপালে হড়পা বানের ঘটনায় নিখোঁজ বাংলার বাসিন্দাদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে পরিবারগুলির আর্থিক পরিস্থিতির খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, আর্থিক সঙ্কটে থাকা একটি পরিবারকে নিজের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু। ওই মাসে নিজের বেতন না নিয়ে সেই অর্থ সংশ্লিষ্ট পরিবারকে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে নিখোঁজদের পরিবারগুলির জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি—দুই ধরনের পৃথক সহায়তা পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে পরিবারের সদস্যদের কাছ থেকে তাঁদের বর্তমান পরিস্থিতির কথা জানতে চান শুভেন্দু। কোনও পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য নিখোঁজ, আবার কোনও পরিবারের রাজমিস্ত্রির কাজ করা সদস্যেরও এখনও কোনও সন্ধান মেলেনি। ফলে পরিবারের উপার্জন বন্ধ হয়ে তৈরি হয়েছে আর্থিক অনিশ্চয়তা। এই ধরনের পরিবারগুলির পাশে দাঁড়াতে প্রয়োজন অনুযায়ী চাকরির ব্যবস্থার বিষয়টিও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।নিখোঁজদের পরিবারগুলির সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ বজায় রাখতেও বিশেষ উদ্যোগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি পরিবারের জন্য একটি করে বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির কথা বলা হয়েছে। সেই গ্রুপে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের পাশাপাশি একজন করে সিভিক ভলান্টিয়ার এবং একজন পুলিশকর্মীকে যুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।পরিবারের কোনও সমস্যা বা প্রয়োজন দেখা দিলে যাতে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে। সংশ্লিষ্ট পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন। প্রশাসনিক স্তরে নিখোঁজদের পরিবারগুলিকে কোনওভাবেই একা না রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নেপালের হড়পা বানের ঘটনায় এখনও বহু মানুষের নিখোঁজ থাকার খবর রয়েছে। তাঁদের সন্ধান ও পরিবারের পাশে প্রশাসনিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আর্থিক সঙ্কটে থাকা পরিবারগুলির জন্য দীর্ঘমেয়াদি সহায়তার পরিকল্পনা তৈরির উপরও জোর দেওয়া হয়েছে নবান্নের বৈঠকে।
Hindustan TV Bangla Bengali News Portal