Breaking News

পুলিশের চোখে ধুলো দিয়ে দুবাই পালানোর ছক! কলকাতা বিমানবন্দরেই ধরা পড়ল কুখ্যাত পাকিস্তানি গ্যাংস্টারের ভাই, উদ্ধার জাল পাসপোর্ট-ভিসা

নিজস্ব সংবাদদাতা :- বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেও শেষরক্ষা হল না। কলকাতা বিমানবন্দর থেকেই পুলিশের হাতে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খান। পুলিশ সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর হয়ে দুবাই পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। এরপর সেখানেই দুবাইয়ে থাকা ভাই প্রিন্স খানের কাছে পৌঁছনোর পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই ধানবাদ পুলিশের কাছে আসে বান্টির বিদেশ পালানোর খবর। সেই তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে নজরদারি শুরু করে ধানবাদ পুলিশ। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়। পুলিশের দাবি, দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছতেই বান্টিকে শনাক্ত করা হয়। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে জাল পাসপোর্ট, ভিসা এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ওই নথিগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল। জাল পাসপোর্ট ও ভিসা তৈরির পিছনে কোনও চক্র কাজ করেছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে বান্টির বিদেশ পালানোর পরিকল্পনায় আর কারা যুক্ত ছিলেন, তা জানতেও তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
ধানবাদ পুলিশের একাধিক থানায় বান্টির বিরুদ্ধে তোলাবাজি, খুন, অপহরণ-সহ একাধিক গুরুতর মামলা রয়েছে বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। সম্প্রতি তদন্তকারীদের কাছে খবর আসে, দেশ ছেড়ে বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছেন বান্টি। সেই খবরের পরই কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরে নজরদারি চালানো হয়।
পুলিশের দাবি, বান্টির গন্তব্য ছিল দুবাই। সেখানে থাকা ভাই প্রিন্স খানের কাছে পৌঁছতেই দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পরই পুলিশের অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে যায়।
এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন বান্টি। ২০২২ সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের একটি রেলস্টেশন থেকে বান্টি ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় জেলবন্দি ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে জামিনে মুক্তি পান বান্টি।
পুলিশের অভিযোগ, জেল থেকে বেরনোর পর ফের অপরাধমূলক কার্যকলাপে সক্রিয় হয়ে ওঠেন বান্টি। এরপর তাঁর বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ সামনে আসে। সেই সূত্রেই তাঁর গতিবিধির উপর নজর রাখছিল ধানবাদ পুলিশ।এবার বিদেশ পালানোর আগেই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল তাঁকে। বান্টির সঙ্গে অপরাধ জগতের আর কারা যুক্ত, জাল নথি কীভাবে তাঁর হাতে এল এবং দুবাইয়ে থাকা প্রিন্স খানের সঙ্গে তাঁর যোগাযোগের ধরন কী ছিল—এই সমস্ত বিষয়ই এখন তদন্তের আওতায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *