Breaking News

গভীর রাতে পার্ক স্ট্রিটে পুলিশের হানা! ৫৬টি অ্যান্ড্রয়েড ফোন-সহ আটক বাংলাদেশি নাগরিক, লোকচক্ষুর আড়ালে চলছিল কীসের কারবার?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের কিড স্ট্রিট এলাকায় একটি হোটেলের কাছ থেকে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। চুরির ফোন পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। আটক দু’জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং অন্য জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ইমরান আহমেদ (২৩) এবং আসিফ আলি ওরফে ছোটু (৩২)। ইমরানের বাড়ি বাংলাদেশের শরিয়তপুর জেলায়। অন্যদিকে, আসিফ উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকার বাসিন্দা।বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কিড স্ট্রিটের ক্লাসিক হোটেলের কাছে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই দু’জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে মোট ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাঁদের ব্যবহৃত সিমগুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া মোবাইলগুলির বেশ কয়েকটি চুরি করা হয়ে থাকতে পারে। কী ভাবে এতগুলি ফোন তাঁদের হাতে এল, সেগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথাও পাচারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ইতিমধ্যেই পার্ক স্ট্রিট থানায় দু’জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা।তবে কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে মোবাইল চুরি করে অন্যত্র পাচারের অভিযোগ নতুন নয়। এর আগেও একই ধরনের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে মোবাইল চুরির অভিযোগে ন’জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এবার ৫৬টি মোবাইল উদ্ধারের ঘটনায় সেই চক্রের সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, সেটাই তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *