Breaking News

সল্টলেকে ট্র্যাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন শুভেন্দুর, ‘রাতে ইচ্ছাকৃত ভাবে যানজট তৈরি করা হচ্ছে’! চালু হল টোল-ফ্রি নম্বর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সল্টলেকে রাজ্য পুলিশের নতুন ট্র্যাফিক কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে একই সঙ্গে চালু করা হয় ট্র্যাফিক সংক্রান্ত অভিযোগ জানানোর টোল-ফ্রি নম্বর ১৮০০ ৩৪৫ ৮৯২২। এই নম্বরে ফোন করে রাজ্যের বিভিন্ন এলাকার ট্র্যাফিক সমস্যা ও অভিযোগ জানানো যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।
কন্ট্রোল রুম উদ্বোধনের পর সেখান থেকেই রাজ্যের গুরুত্বপূর্ণ কয়েকটি চেকপোস্টের লাইভ ট্র্যাফিক পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ফারাক্কা এবং ধূলাগড় চেকপোস্টের পরিস্থিতিও তিনি দেখেন। যানজটের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ট্র্যাফিকের চাপ রয়েছে এবং এর কারণ খতিয়ে দেখা হচ্ছে।তবে রাতের দিকে কয়েকটি এলাকায় ইচ্ছাকৃত ভাবে যানজট তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে। কোথায় এবং কী কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, তা চিহ্নিত করতেই কন্ট্রোল রুমের মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানান তিনি। নতুন টোল-ফ্রি পরিষেবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে ১৮০০ ৩৪৫ ৮৯২২ নম্বরে ফোন করে ট্র্যাফিক সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানানো যাবে। পাশাপাশি খুব শীঘ্রই ই-মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিন পাহাড়ের যানজট নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে বেআইনি পার্কিংয়ের সমস্যা রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, পাহাড়ের প্রায় ৬০ শতাংশ রাস্তার পাশেই বেআইনি পার্কিংয়ের সমস্যা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে পাহাড়ে পার্কিংয়ের জন্য জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শুভেন্দু।পাহাড়ের উন্নয়ন নিয়েও এ দিন পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত ১৫ বছরে পাহাড়ে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়নি। তৃণমূল সরকারের দেওয়া অর্থের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “তৃণমূল ৬ কোটি টাকা দিয়েছিল। আমরা চার মাসে ৩১২ কোটি টাকা দিয়েছি।”নতুন ট্র্যাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলের পরিস্থিতির উপর নজরদারি এবং দ্রুত অভিযোগ গ্রহণের ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *