Breaking News

কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলের শৌচালয়ে কালিম্পংয়ের কমান্ডোর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য পিটিএস চত্বরে, আত্মহত্যার প্রাথমিক অনুমান

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা পুলিশের পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)-এ উদ্ধার হল এক কমান্ডোর ঝুলন্ত দেহ। শনিবার সকালে কমান্ডো ব্যারাকের তিন তলার শৌচালয় থেকে এএসআই পদমর্যাদার ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়। মৃতের নাম দীপক তামাং। ঘটনাকে ঘিরে পিটিএসে চাঞ্চল্য ছড়িয়েছে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ সহকর্মীরা শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। বার বার ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় তাঁদের সন্দেহ হয়। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় পাইপলাইনের সঙ্গে ঝুলছেন দীপক।
সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে দীপককে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন দীপক। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, দীপকের মুখ থেকে লালা বেরোচ্ছিল এবং গলায় ফাঁসের দাগও পাওয়া গিয়েছে। ঘটনাটি আত্মহত্যা কি না, তা নিশ্চিত করতে তদন্তের পাশাপাশি অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও এফআইআর দায়ের হয়নি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। দীপক তামাং বেশ কয়েক বছর ধরে কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। পুলিশের ডিআই পদমর্যাদায় থাকা দীপকের সহকর্মীদের মধ্যে যথেষ্ট সুনাম ছিল বলে জানা গিয়েছে। আচমকা তাঁর এমন মৃত্যুতে হতবাক সহকর্মীরাও। কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *