দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক অনুদান দেওয়ার কেন্দ্রীয় প্রকল্প ‘রুসা’-র নাম পরিবর্তন করে ‘পিএম ঊষা’ করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকার এই প্রকল্পে সম্মতি দেওয়ায় কেন্দ্রের সঙ্গে মউ-ও স্বাক্ষর হয়েছে। এবার সেই প্রকল্পের আওতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠন করা হল ‘পিএম ঊষা’ কমিটি। ফলে কেন্দ্রীয় আর্থিক অনুদান পাওয়ার প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় আরও এক ধাপ এগোল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অস্থায়ী রেজিস্ট্রার দেবজিৎ দত্তকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। মোট ২৪ জন সদস্যকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রের কাছ থেকে কীভাবে আর্থিক অনুদান পাওয়া যাবে এবং সেই অর্থ কোন কোন খাতে ব্যবহার করা হবে, তার বিস্তারিত পরিকল্পনা তৈরি করবে এই কমিটি। পরে সেই প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির কাছে পেশ করা হবে। এর আগে ‘রুসা’ প্রকল্পের নামের সঙ্গে ‘পিএম’ যুক্ত করা নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল সরকার। তাদের যুক্তি ছিল, সংবিধান অনুযায়ী শিক্ষা যৌথ তালিকাভুক্ত বিষয়। ফলে শিক্ষাক্ষেত্রে আর্থিক অনুদানের ক্ষেত্রেও কেন্দ্র ও রাজ্য—দুই সরকারেরই ভূমিকা রয়েছে। সেই কারণে প্রকল্পের নামে ‘পিএম’ যুক্ত করা নিয়ে আপত্তি প্রকাশ করা হয়েছিল। রাজ্য এই প্রকল্পে সম্মতি না দেওয়ায় দীর্ঘদিন কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত ছিল রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়। তবে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘পিএম ঊষা’ কমিটি গঠন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ডিন, কর্মসমিতির সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানদের একাংশ কমিটি গঠনের পদ্ধতি নিয়ে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, নির্দিষ্ট নিয়ম মেনে কমিটি গঠন করা হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কমিটি গঠনের ক্ষেত্রে কোনও নিয়মবহির্ভূত কাজ হয়নি। অর্থের অভাবে দীর্ঘদিন ধরেই সমস্যায় রয়েছে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি আর্থিক সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের জন্য ২৫০ কোটি টাকা অনুমোদিত হয়েছে বলে জানা গিয়েছে। এই অর্থ পরিকাঠামো উন্নয়ন, গবেষণা-সহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে কর্তৃপক্ষের আশা।
Hindustan TV Bangla Bengali News Portal