প্রসেনজিৎ ধর, কলকাতা :-স্বামী ও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে কলকাতার কসবার অ্যাক্রোপলিস মলে শ্লীলতাহানির শিকার হওয়ার অভিযোগ তুললেন বাঁশদ্রোণীর এক মহিলা চিকিৎসক। তাঁর অভিযোগের ভিত্তিতে ছ’জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। অভিযোগ, ঘটনার সময় অভিযুক্তদের সঙ্গে পুলিশেরও তর্কাতর্কি হয়।
রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। অভিযোগকারিণীর দাবি, স্বামী এবং কয়েকজন বন্ধুর সঙ্গে অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। ‘সিনেপলিস’-এ সিনেমা চলাকালীন পাশের আসনে থাকা ছ’জন তাঁকে এবং তাঁর সঙ্গীদের উদ্দেশ্য করে বার বার অশালীন মন্তব্য করতে থাকেন বলে অভিযোগ।অভিযোগ, ওই মন্তব্যের মধ্যে যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তাও ছিল। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদ করার পর অভিযুক্তেরা তাঁদের উপর চড়াও হন বলেও অভিযোগ করেছেন ওই চিকিৎসক।ঘটনার পর বিষয়টি কসবা থানায় জানানো হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং ছ’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সম্পূর্ণ বিষয়টি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার সময় সিনেমা হলের ভিতরে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের বয়ানও নেওয়া হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal