Breaking News

বিনিয়োগ টানতে মুম্বইয়ে শুভেন্দু! মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকের সম্ভাবনা, বাংলায় শিল্পের নতুন দরজা খোলার চেষ্টা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বাংলায় বড় শিল্প বিনিয়োগ টানার লক্ষ্যে এবার মুম্বই সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারই মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। শিল্পমহলের নজর এখন তাঁর এই সফর ঘিরে। কারণ, সফরে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ এবং রিলায়েন্সের ব্যবসায়িক পরিধি সম্প্রসারণ নিয়েই মূলত আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। এর আগে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, অনন্ত আম্বানির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং রিলায়েন্স গোষ্ঠী বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর-সহ নতুন শিল্পক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনার কথাও সামনে এসেছে। সেই সূত্রেই মুম্বইয়ে আম্বানিদের সঙ্গে মুখোমুখি বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই সফর ঘিরে আরও একটি বিষয় নিয়ে শিল্পমহলে আলোচনা শুরু হয়েছে। পূর্ব ভারতে রিলায়েন্সের ‘বনতারা’-র মতো বন্যপ্রাণ সংরক্ষণ ও চিকিৎসা পরিকাঠামো তৈরির সম্ভাবনা নিয়েও জল্পনা রয়েছে। উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স কিংবা পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের অরণ্যাঞ্চলকে সম্ভাব্য ক্ষেত্র হিসেবে তুলে ধরা হতে পারে বলে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। তবে এই প্রকল্প নিয়ে এখনও কোনও চূড়ান্ত সরকারি ঘোষণা হয়নি।
মাত্র কয়েক মাস আগে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই শিল্প ও বিনিয়োগ টানাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে শিল্পনীতি, শিল্পজমি নীতি এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের পথে এগোচ্ছে রাজ্য। ৩৩টি শিল্প প্রকল্পের জন্য দুর্গাপুজোর আগে জমি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
রিলায়েন্সের পাশাপাশি অন্য বড় শিল্পগোষ্ঠীগুলির সঙ্গেও যোগাযোগ বাড়ানো হচ্ছে। আদানি গোষ্ঠীর প্রস্তাবিত নিউ টাউনের হাসপাতাল প্রকল্প নিয়েও এগোচ্ছে রাজ্য। ২৪ সেপ্টেম্বর প্রকল্পটির শিলান্যাসে গৌতম আদানির উপস্থিত থাকার কথা রয়েছে।ফলে মুম্বইয়ে শুভেন্দু অধিকারীর আম্বানি-সাক্ষাৎ বাংলার শিল্পমহলে বাড়তি আগ্রহ তৈরি করেছে। বৈঠক থেকে নতুন কোনও বিনিয়োগ প্রস্তাব বা প্রকল্পের ঘোষণা আসে কি না, এখন সেদিকেই নজর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *