Breaking News

নীল-সাদায় নতুন পরিচয়! মমতার তৃণমূলের প্রতীক এবার ‘ফুটবলার’, নেতা-কর্মীদের দিলেন বড় নির্দেশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রচারে গিয়ে হুইলচেয়ারে বসে হাতে ফুটবল নিয়ে জনসংযোগ করতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাঁচ বছর পর সেই ফুটবলই যেন নতুন রাজনৈতিক পরিচয়ের প্রতীক হয়ে সামনে এল। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে পুরনো দলের নাম ও ‘জোড়া ঘাসফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞার পর নতুন নাম ও প্রতীক নিয়ে প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।
নতুন পরিচয়—‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। আর দলের নির্বাচনী প্রতীক ‘ফুটবল প্লেয়ার’। নীল পটভূমির উপর সাদা অক্ষরে লেখা হয়েছে দলের নতুন নাম। লোগোর কেন্দ্রে রয়েছে ফুটবলারের প্রতীক। পাশাপাশি জাতীয় পতাকার গেরুয়া, সাদা ও সবুজ রঙের ব্যবহারও রয়েছে।তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে দুই শিবিরের বিরোধের জেরে নির্বাচন কমিশন আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ঘাসফুল’ প্রতীক ফ্রিজ করেছে। এরপর দুই পক্ষকেই বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব দিতে বলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের জন্য শেষ পর্যন্ত ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল প্লেয়ার’ প্রতীক বরাদ্দ করা হয়েছে।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার আগে নতুন নাম ও প্রতীককে মানুষের কাছে পরিচিত করাই এখন মমতা শিবিরের অন্যতম লক্ষ্য। দলের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিদের নতুন লোগো ও প্রতীক প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে নতুন লোগোর ছবি পোস্ট করতে শুরু করেছেন মমতাপন্থী নেতা-নেত্রীরা।
নতুন প্রতীক নিয়ে স্বাভাবিকভাবেই সামনে এসেছে পরিচিতির প্রশ্ন। এতদিন ভোটারদের কাছে তৃণমূলের অন্যতম প্রধান পরিচয় ছিল জোড়া ঘাসফুল। এবার সেই জায়গায় এসেছে ফুটবল খেলোয়াড়ের প্রতীক। ফলে অল্প সময়ের মধ্যে নতুন প্রতীকটি ভোটারদের কাছে কতটা পরিচিত হয়ে ওঠে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলাটি অগ্রাধিকারের ভিত্তিতে শুনতে রাজি হয়েছে শীর্ষ আদালত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *