Breaking News

মুকুন্দপুরে পার্টি অফিস দখল ঘিরে ভরসন্ধ্যায় ধুন্ধুমার! তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ডিম-ইট বৃষ্টি, উপাসনা চৌধুরীর উপর হামলার অভিযোগ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পার্টি অফিসের দখলকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল মুকুন্দপুর। সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও হাতাহাতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, একে অপরের দিকে ছোড়া হয় ইট ও ডিম। দু’পক্ষের তরফেই পাল্টাপাল্টি ‘চোর চোর’ স্লোগান ওঠে। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে দাবি। জানা গিয়েছে, মুকুন্দপুরের ওই পার্টি অফিসকে কেন্দ্র করেই বেশ কিছুদিন ধরে দুই শিবিরের মধ্যে চাপানউতোর চলছিল। এদিন সেখানে মমতাপন্থী তৃণমূলের কর্মীরা একটি মিছিল নিয়ে পৌঁছন। অভিযোগ, মিছিলকে লক্ষ্য করে বিজেপি কর্মীরা হামলা চালান। এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পালটা হামলার অভিযোগও তোলে বিজেপি। দুই পক্ষের কর্মীদের মধ্যে শুরু হয় বচসা, পরে তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, তৃণমূলের মিছিল লক্ষ্য করে ইট ও ডিম ছোড়া হয়। অন্যদিকে বিজেপির দাবি, তাদের কর্মীদের উপরই প্রথমে হামলা চালানো হয়। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীঘাট তৃণমূলের ছাত্র নেত্রী উপাসনা চৌধুরি। তাঁর অভিযোগ, মদ্যপ অবস্থায় বিজেপি কর্মীরা তৃণমূলের মিছিলে হামলা চালান। মহিলা কর্মীদের রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, ইট-পাটকেল ও ডিম ছোড়ার পাশাপাশি লাঠি দিয়েও হামলা চালানো হয়েছে। ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে দাবি তাঁর। অন্যদিকে, তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পালটা দাবি, কোনও প্ররোচনা ছাড়াই তাদের কর্মীদের উপর চড়াও হন তৃণমূল কর্মীরা। বিজেপির এক কর্মী তৃণমূলের কর্মসূচির ভিডিওগ্রাফি করছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূল কর্মীরা তাঁর উপর হামলা চালান বলে অভিযোগ বিজেপির। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে দাবি। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *