দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা শহরে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পরও একই জায়গায় ফের নির্মাণকাজ শুরু হওয়ার অভিযোগ ঘিরে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙার পর কীভাবে সেখানে আবার নতুন করে নির্মাণ শুরু হল, তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই ঘটনায় কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার আদালতে হাজির হন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। শুনানিতে আদালত পর্যবেক্ষণ করে, বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পরও সেখানে ফের নির্মাণকাজ শুরু হওয়ার মতো গুরুত্বপূর্ণ ঘটনায় পুরসভার আইনজীবীর বক্তব্যে পর্যাপ্ত তথ্য ছিল না। বিষয়টি নিয়ে সরাসরি পুর কমিশনারের কাছেই জানতে চান বিচারপতিরা।
স্মিতা পাণ্ডের উপস্থিতিতে প্রধান বিচারপতি মহারাষ্ট্রে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, বিএমসি, থানে, কল্যাণ-ডম্বিভলি, নবি মুম্বই-সহ ৮-১০টি পুর নিগমের মামলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, অনেক ক্ষেত্রেই পুর কমিশনারের কাছে শহরের সমস্ত ঘটনার খবর পৌঁছয় না। তাঁকে নির্দিষ্ট কিছু তথ্যই জানানো হয়। ফলে শহরের কোথায় কী ঘটছে, তার অনেকটাই কমিশনারের অজানা থেকে যায়।
প্রধান বিচারপতির বক্তব্য, এতটা গুরুত্বপূর্ণ একটি ঘটনায় পুরসভার আইনজীবীর বক্তব্যে পর্যাপ্ত তথ্য না থাকায় শেষ পর্যন্ত পুর কমিশনারকে আদালতে ডেকে বিষয়টি জানতে হয়েছে। হাই কোর্টের স্পষ্ট বার্তা, আদালতের নির্দেশে কোনও বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পর একই জায়গায় যাতে ফের কোনও নির্মাণকাজ শুরু না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব পুরসভার।আগামী ১৪ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে হাইকোর্টের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে রাজ্যের তরফে ইতিবাচক রিপোর্ট পেশ করতে হবে বলে জানানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal