দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বারুইপুরের বহুল আলোচিত এনকাউন্টার মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাই কোর্টের। ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি তদন্তপ্রক্রিয়া যাতে অযথা দীর্ঘায়িত না হয়, দ্রুত তা শেষ করার চেষ্টাও করতে বলা হয়েছে তদন্তকারী সংস্থাকে।মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে আদালত স্পষ্ট জানায়, এনকাউন্টারের সঙ্গে সম্পর্কিত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। আগামী তিন সপ্তাহ পর ফের মামলাটির শুনানি হবে। তার মধ্যে তদন্ত শেষ করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।বারুইপুর এনকাউন্টার-কাণ্ডের তদন্ত বর্তমানে করছে সিআইডি। আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে।ঘটনার সূত্রপাত গত জুলাইয়ে। বারুইপুরের সূর্যপুর এলাকায় এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় তার দেহ। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বারুইপুর।এই ঘটনায় পুলিশ প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং কবীর মোল্লাকে গ্রেফতার করে। প্রথমে গ্রেফতার করা হয় প্রভাসকে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে প্রভাসই নাবালিকার দেহ কোথায় ফেলে দেওয়া হয়েছিল, সেই জায়গা দেখিয়ে দেন। পরে ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।
এরপর গত ৭ জুলাই রাতে প্রভাসকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য বেরিয়েছিল পুলিশ। পুলিশের দাবি, সেই সময় সুযোগ নিয়ে পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন প্রভাস। এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ ওঠে। এরপর আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায় বলে দাবি করা হয়।
পুলিশের বক্তব্য অনুযায়ী, নিজের এবং সহকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সার্ভিস রিভলভার থেকে প্রভাসকে লক্ষ্য করে গুলি চালান বারুইপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মণ্ডল। তবে পুলিশের এই এনকাউন্টার নিয়ে পরবর্তী সময়ে একাধিক প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় শেষ পর্যন্ত রাজ্য পুলিশের সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।এবার সেই তদন্তেই গতি আনার বার্তা দিল কলকাতা হাইকোর্ট। সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ ঘিরে ফের আলোচনায় উঠে এল বারুইপুর এনকাউন্টার মামলা।
Hindustan TV Bangla Bengali News Portal