Breaking News

‘বাঁশি’ গেল, এল ‘টেবিল’! ‘খাম’ও হারাল নওশাদ, আইএসএফকে ‘আলমারি’ দিল নির্বাচন কমিশন—ভোটের আগে বদল প্রতীক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘জোড়াফুল’ প্রতীক ফ্রিজ হওয়ার পর রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতীক নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF) এবং হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি (AJUP)-র প্রতীক বদলে গেল। ‘খাম’ প্রতীকটি ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-কে দেওয়া হয়েছিল। এবার নওশাদের দলকে ‘আলমারি’ এবং হুমায়ুনের দলকে ‘টেবিল’ প্রতীক বরাদ্দ করেছে কমিশন।আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর—এই দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের আগে প্রতীক পরিবর্তনের সিদ্ধান্তে সমস্যায় পড়েছে দুই দলই। বিশেষ করে হুমায়ুন কবীরের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন দল তৈরি করে ‘বাঁশি’ প্রতীক নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু উপনির্বাচনের কয়েক দিন আগে সেই প্রতীক আর তাঁর হাতে রইল না। শনিবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ‘বাঁশি’ প্রতীকটি তামিলনাড়ুর অভিনেতা থলপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (TVK)-কে দেওয়া হয়েছে। আর হুমায়ুনের ‘আমজনতা উন্নয়ন পার্টি’ পেয়েছে ‘টেবিল’ প্রতীক।
অন্যদিকে, ‘খাম’ প্রতীক ধরে রাখার লড়াইয়েও শেষ পর্যন্ত নওশাদ সিদ্দিকির দলকে পিছিয়ে যেতে হয়েছে। আইএসএফের দাবি ছিল, চলতি বছরের মার্চেই নিয়ম মেনে ‘খাম’ প্রতীকটি নির্বাচন কমিশনে নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু শুক্রবার কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন দলকে ‘খাম’ প্রতীক বরাদ্দ করতেই আপত্তি জানায় আইএসএফ। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে নিজেদের বক্তব্যও তুলে ধরেছিলেন নওশাদ। তাঁর হাতে থাকা নথিপত্র দেখিয়ে প্রতীক বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল দলের তরফে। তবে শনিবার কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, ‘খাম’ প্রতীকটি ঋতব্রতের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর কাছেই থাকবে। আইএসএফের জন্য বরাদ্দ করা হয়েছে ‘আলমারি’।
নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আর হাতে বেশি সময় নেই। প্রচারের শেষ পর্যায়ে এসে আচমকা প্রতীক বদলে যাওয়ায় দুই দলের কর্মী-সমর্থকদের সামনে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এতদিনের পরিচিত ‘বাঁশি’ ও ‘খাম’-এর বদলে এবার ‘টেবিল’ এবং ‘আলমারি’ প্রতীক নিয়েই ভোটারদের কাছে পৌঁছতে হবে তাঁদের। নতুন প্রতীক কত দ্রুত ভোটারদের কাছে পরিচিত করে তোলা যায়, এখন সেটাই বড় প্রশ্ন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *