Breaking News

এফআইআর খারিজ তো নয়ই, মিলল না রক্ষাকবচও! হাইকোর্টে বড় ধাক্কা ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বীরভূমের ব্যবসায়ী তথা তৃণমূল-ঘনিষ্ঠ বলে পরিচিত টুলু মণ্ডলের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের পাশাপাশি গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন টুলু। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দিয়েছেন। টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশির পর বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় তদন্তের পরিধি বাড়ে। পুলিশ সূত্রে দাবি, ওই বাড়ি থেকে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছিল। এরপর থেকেই তদন্তকারীদের নজরে আসেন টুলু মণ্ডল। তাঁর সঙ্গে যুক্ত সম্পত্তি এবং আর্থিক লেনদেনের বিষয়েও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, টুলু এখনও পুলিশের নাগালের বাইরে। তাঁর সম্ভাব্য অবস্থান সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য মেলেনি। এই পরিস্থিতিতে তাঁর দায়ের করা আবেদন হাই কোর্ট খারিজ করায় তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের হাতে নতুন সুযোগ তৈরি হল। টুলুর বিরুদ্ধে হিসাববহির্ভূত অর্থ, তাঁর ঘনিষ্ঠদের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার এবং বীরভূমে বেআইনি কার্যকলাপের সঙ্গে যোগ থাকার অভিযোগে একাধিক মামলা হয়েছে। তদন্তের সূত্র ধরে তাঁর কয়েক জন আত্মীয় ও পরিচিতকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যেই বোলপুরের একটি ঘটনাতেও টুলুর নাম উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে বোলপুরের মহিদাপুর এলাকায় একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়িটিতে চালক-সহ তিন জন ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
এক পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, গাড়ি থেকে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের মুদ্রা পাওয়া গিয়েছে। তবে মোট কত টাকা এবং কত পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে, তা এখনও তদন্তসাপেক্ষ। গাড়িতে চালক ছাড়াও ছিলেন আরও দু’জন। তাঁদের জিজ্ঞাসাবাদের সময় টুলু মণ্ডলের নাম সামনে আসে বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তকারীদের বক্তব্য, গাড়িতে থাকা এক ব্যক্তি টুলুর শ্যালক মিন্টু শেখের শ্যালক শান্ত শেখ। উদ্ধার হওয়া অর্থের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলেও পুলিশের প্রাথমিক অনুমান।
এই অর্থের উৎস কী, কোথা থেকে তা আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল—এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনায় টুলু মণ্ডলের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *