দেবরীনা মণ্ডল সাহা :-বাংলায় নতুন বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে রাজ্য সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবেই সোমবার মুম্বইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়ায় এই সাক্ষাৎ হয়। সেখানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিও। আম্বানি পরিবারের গণেশ পুজোয় আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সূত্রেই অ্যান্টিলিয়ায় তাঁর যাওয়া। সাক্ষাতের সময় আম্বানি পরিবারের হাতে কালীঘাটের মা কালীর একটি বিশেষ স্মারকও তুলে দেন শুভেন্দু। তবে এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য সাক্ষাতে সীমাবদ্ধ ছিল না। বৈঠকে পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনা, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। তাঁর বক্তব্য, রাজ্য এমন বিনিয়োগ চাইছে যা বাংলার অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।
এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রিলায়েন্স গোষ্ঠীর তরফে বাংলায় বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। সেই সূত্রেই মুম্বইয়ে আম্বানির সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথাও প্রকাশ্যে এসেছিল।
ক্ষমতায় আসার পর থেকেই শিল্প ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে রাজ্য সরকার। বড় শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে বৈঠক থেকে শুরু করে নতুন প্রকল্পের জন্য জমি দেওয়ার উদ্যোগ—বিনিয়োগের পরিবেশ তৈরিতে একাধিক পদক্ষেপের কথা সামনে এসেছে। এই তালিকায় আদানি গোষ্ঠীর সঙ্গেও রাজ্য সরকারের যোগাযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে আদানি গোষ্ঠীর কর্তা করণ আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল। নিউটাউনে ২,০০০ শয্যার হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও সামনে এসেছে। পাশাপাশি স্বাস্থ্য, উৎপাদন, প্রতিরক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ টানার পরিকল্পনার কথাও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। ফলে মুম্বইয়ে মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠককে বাংলায় রিলায়েন্সের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বৈঠকে কোনও নির্দিষ্ট প্রকল্প বা বিনিয়োগের অঙ্ক চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত ঘোষণা হয়নি।
Hindustan TV Bangla Bengali News Portal