দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শীতের মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে পুরভোটের দামামা বাজতে পারে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা-সহ মোট সাতটি পুরসভায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৭ অথবা ২৮ অক্টোবর ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৮ বা ২৯ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ ডিসেম্বর গণনা হতে পারে।
যে সাতটি পুরসভায় ভোট হওয়ার কথা রয়েছে, সেগুলি হল কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সাত পুরসভা মিলিয়ে প্রায় ৬৩০১টি বুথে ভোট নেওয়া হবে। ভোটের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। ভোটের যাবতীয় প্রস্তুতি ও রূপরেখা চূড়ান্ত করতে শুক্রবার সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই সংশ্লিষ্ট জেলাগুলিতে ইভিএম পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। বর্তমানে রাজ্যের ১২টি জেলার ১৫টি পুরসভায় নির্বাচিত পুরবোর্ড নেই। প্রশাসক নিয়োগ করেই সেখানে পুর পরিষেবা পরিচালিত হচ্ছে। সেই তালিকায় রয়েছে হাওড়া পুরসভাও। প্রায় ১৩ বছর ধরে সেখানে পুরভোট হয়নি। শেষ বার ২০১৩ সালে নির্বাচন হয়েছিল। ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। দীর্ঘদিন ধরে ভোট না হওয়া পুরসভাগুলির নির্বাচন নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে। হাওড়া ছাড়াও দুর্গাপুর, ডোমকল, রায়গঞ্জ, বুনিয়াদপুর, পূজালি, কার্শিয়াং, মিরিক, কালিম্পং, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প, নলহাটি এবং বালি ও ধূপগুড়ি পুরসভাতেও দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। প্রশাসনিক সূত্রের দাবি, এই পুরসভাগুলির অধিকাংশেই শেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের কার্যক্রম থমকে যায়। কোথাও বোর্ডের মেয়াদ শেষ হয়েছে, কোথাও আবার বোর্ড ভেঙে যাওয়ার পর প্রশাসকের মাধ্যমে পুরসভা পরিচালিত হচ্ছে। এর জেরে নাগরিক পরিষেবা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এদিকে, আগামী বছরের শুরুতেই রাজ্যের আরও ১১২টি পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়া পুরসভা এবং মেয়াদ শেষ হতে চলা পুরসভাগুলিকে ধরলে আগামী ন’মাসের মধ্যে মোট ১২৭টি পুরসভায় নির্বাচন আয়োজনের বড় দায়িত্ব রয়েছে রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের সামনে।
Hindustan TV Bangla Bengali News Portal