Breaking News

জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআরে বাদ পড়া ভোটারদের নাম ফেরানো-সহ একাধিক দাবি! সিইও অফিস অভিযানে পুলিশের বাধায় ধুন্ধুমার, রাস্তায় বসে পড়লেন মীনাক্ষীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি বহু মানুষের। ট্রাইব্যুনালে মামলা চলায় তাঁরা এখনও নিশ্চিত নন, ভোটাধিকার ফিরে পাবেন কি না। এরই মধ্যে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যের বিষয়টি প্রকাশ্যে আসায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তুলেছে বিরোধীরা। এই দুই ইস্যুকে সামনে রেখে শুক্রবার কলকাতার সিইও দফতর অভিযানের কর্মসূচি নেয় বাম মহিলা সংগঠন। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় এবং রাজ্য কমিটির সদস্য কনীনিকা ঘোষ বোসের নেতৃত্বে ধর্মতলা থেকে মিছিল শুরু করেন বাম মহিলা কর্মী-সমর্থকেরা। সিইও দফতরে গিয়ে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটে মিছিল পৌঁছতেই পুলিশ বাধা দেয়। ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা ব্যর্থ হলে রাস্তাতেই বসে পড়েন মীনাক্ষী-সহ বিক্ষোভকারীরা। ফলে ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়।
বামেদের তরফে মূল দাবির মধ্যে রয়েছে এসআইআরে বাদ পড়া বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় ফিরিয়ে দেওয়া। একইসঙ্গে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও সামনে রাখা হয়েছে। বিশেষ করে নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের আগে এই দাবিতে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াতে চাইছে বাম নেতৃত্ব। মহিলা সংগঠনের তরফে আগে থেকেই ২৫ সেপ্টেম্বর সিইও দফতর অভিযানের ঘোষণা করা হয়েছিল।
এদিন ধর্মতলায় জমায়েতের পর পতাকা ও ব্যানার নিয়ে মিছিল শুরু করেন সংগঠনের সদস্যরা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সিইও দফতরে পৌঁছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ মিছিল আটকে দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁদের সিইও দফতর পর্যন্ত যেতে দিতে হবে এবং সেখানে স্মারকলিপি জমা দেওয়ার সুযোগ দিতে হবে। পুলিশের বাধা না সরলে অবস্থান চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *