দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল দিঘার সমুদ্র। তার মধ্যেই ঘটল দুর্ঘটনা। পরিবারের সঙ্গে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল ১১ বছরের এক নাবালিকা । নিখোঁজ নাবালিকা উত্তর ২৪ পরগনার নৈহাটির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ কিশোরীর নাম কাশ্মীরা খাতুন। বাবা-মা এবং দিদির সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিল সে। সমুদ্র উত্তাল থাকায় প্রশাসনের তরফে আগে থেকেই স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই পরিবারের সদস্যদের সঙ্গে সে সমুদ্রে নেমেছিল বলে অভিযোগ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টোর পর দিঘা হাসপাতালের সামনের একটি তুলনামূলক নির্জন সৈকতে ওই পরিবার সমুদ্রে নামে। পর্যটকের আনাগোনা কম থাকায় সেখানে নজরদারিও তুলনামূলক কম ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় ঢেউ কিছুটা কম ছিল। পরিবারের সদস্যদের সামনেই আচমকা সমুদ্রের জলে তলিয়ে যায় কিশোরী। ঘটনার পরই প্রশাসন তল্লাশি অভিযান শুরু করে। স্পিডবোট নামিয়ে সমুদ্রে খোঁজ চালানোর পাশাপাশি নুলিয়াদেরও কাজে লাগানো হয়েছে। তবে খারাপ আবহাওয়া এবং সমুদ্রের উত্তাল পরিস্থিতির কারণে বার বার বাধার মুখে পড়ছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কিশোরীর কোনও সন্ধান মেলেনি। ঘটনার পর প্রশ্ন উঠেছে, সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা এবং প্রশাসনের মাইকিং সত্ত্বেও কী ভাবে ওই পরিবার নির্জন সৈকতে পৌঁছল। আপাতত নিখোঁজ কিশোরীর সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ ও প্রশাসন। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে সেটি স্থলভাগে প্রবেশ করলেও তার প্রভাব পড়েছে বাংলার উপকূলেও। শুরু হয়েছে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে দিঘা, বেড়েছে সমুদ্রের জলস্তরও। পরিস্থিতির কথা মাথায় রেখে দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ একাধিক পর্যটনকেন্দ্রে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে মৎস্যজীবীদেরও সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এর মধ্যেই দিঘার সমুদ্রসৈকতে কিশোরী নিখোঁজের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal